নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্র রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর রোহান আর ফিরে আসেনি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বস্তাবন্দি অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহটির পেটে কাটা দাগ ছিল।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: