• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ছাদে সোলার প্যানেল বসালো কুড়িগ্রাম জেলা প্রশাসন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম

প্রকাশিত: ১০:৫১, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:৫৩, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ছাদে সোলার প্যানেল বসালো কুড়িগ্রাম জেলা প্রশাসন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে প্রায় ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ৭২টি সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। নেট মিটারিং ও অন-গ্রিড পদ্ধতিতে উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। পুরো সিস্টেম স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ ৩৪ হাজার টাকা। ৭২টি সৌর প্যানেলের সঙ্গে ইন্টারনেট সংযোগ সুবিধাসম্পন্ন দুটি অন-গ্রিড ইনভার্টার যুক্ত করা হয়েছে। গত ১ অক্টোবর থেকে সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে ছবিসহ এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাইফুদ্দীন জানান, বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী দরপত্রের মাধ্যমে ‘র‍্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। গত ২৬ সেপ্টেম্বর কাজ শেষ হওয়ার পর ১ অক্টোবর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সূর্যালোকের তীব্রতার ওপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কম-বেশি হতে পারে বলেও জানান তিনি।

সিস্টেমটির কার্যপদ্ধতি সম্পর্কে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, অন-গ্রিড পদ্ধতিতে মূলত দিনের বেলায় সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত হবে। জেলা প্রশাসনের নিজস্ব ব্যবহারের জন্য ৮০ কিলোওয়াট বিদ্যুৎ বরাদ্দ রয়েছে। নেট মিটারিং পদ্ধতিতে মাস শেষে জেলা প্রশাসনের মোট বিদ্যুৎ ব্যবহারের হিসাব থেকে সৌরবিদ্যুৎ সরবরাহের পরিমাণ সমন্বয় করে বিল নির্ধারণ করা হবে।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের নবযুগে প্রবেশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকল্পটির কাজ শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে সরকারের প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা পেলে রুফটপ সোলার প্যানেলের পরিধি আরও বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হবে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত