• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন বিএনপি নেতা, হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান!

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৮, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:০০, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন বিএনপি নেতা, হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান!

বরগুনার আমতলীতে নবীনবরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্যের মধ্যে কয়েকজন শিক্ষার্থীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আমতলী উপজেলার চুনাখালী এলাকায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি জালাল উদ্দিন ফকির। তাঁর বক্তব্যের মধ্যে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে দাবি করেন তারা।

এ বিষয়ে প্রধান অতিথি মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

তবে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা। তিনি বলেন, ‘আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ “জয় বাংলা” স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি। তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি সম্পাদনা করা কি না, তা-ও জানি না।’

কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, ‘আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীদের কেউ “জয় বাংলা” স্লোগান দিয়েছে কি না, তা আমি শুনিনি। ফেসবুকে কী ধরনের ভিডিও ছড়িয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেসবুক ব্যবহার করি না।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত