দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো জান্নাতুল তাজমিন
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) এর লাশ যশোরে দাফন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে নামাজে জানাজা শেষে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান নিহতের পিতা আব্দুল আলিমসহ স্থানীয়রা।
জান্নাতুলের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুলের বাবা কুমিল্লায় চাকরির সুবাদে পরিবারের সদস্যরা সেখানে বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি যশোর সদরের ছাতিয়ানতলা গ্রামে হওয়ায় মরদেহ কুমিল্লা থেকে যশোরে নিয়ে আসা হয়। শুক্রবার পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে চিরনিদ্রায় করা হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: