• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে এমপি ওয়াদুদ ভূইয়ার সঙ্গে চীনা বিশেষজ্ঞ দলের বৈঠক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে এমপি ওয়াদুদ ভূইয়ার সঙ্গে চীনা বিশেষজ্ঞ দলের বৈঠক

খাগড়াছড়িকে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং সৌরশক্তির টেকসই ব্যবহার নিয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সঙ্গে চীনের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দলের বৈঠক হয়েছে।

গণচীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শানডং হাই-স্পিড রোড অ্যান্ড ব্রিজ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (Shandong Hi-Speed Road and Bridge International Engineering Co. Ltd.) বিশেষজ্ঞ দলের সদস্যরা বৈঠকে এসব খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এ সময় পাহাড়ি অঞ্চলে পর্যটন, সড়ক অবকাঠামো এবং সৌরশক্তির টেকসই ব্যবহারে সহযোগিতার আশ্বাস দেন তারা।

অন্যদিকে, খাগড়াছড়ির উন্নয়নে চীনা বিশেষজ্ঞ দলের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ওয়াদুদ ভূইয়া।

এর আগে চীনা বিশেষজ্ঞ দলের সদস্যরা খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার বাসভবন ‘বৈঠক’-এ তার সঙ্গে বৈঠক করেন। পরে তারা জেলার অন্যতম পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।

খাগড়াছড়িকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: