• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের নিউমার্কেটের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্যসচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, অ্যাডভোকেট আকবার আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী, আল ইমরান ইমু, শ্রমিক নেতা আজিজ বাবু ও অজিয়ার রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ হতে চললেও মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা হতাশাজনক। তারা দ্রুত সব আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্য আসামিদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা না হলে পুরো জেলাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধ মেটাতে গিয়ে নাহিদ হাসান ও তার কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় নিহত হন কলেজছাত্র জাকারিয়া খান।

এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ তিনজনকে গ্রেফতার করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: