• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:০৯, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটিতে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি সদর এবং শহর সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ। এ কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসচ্ছল পরিবারগুলো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সহজে গ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের সফল বাস্তবায়ন নির্ভর করছে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের ওপর। তাই তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। কোনোভাবেই যেন প্রকৃত দরিদ্র পরিবার এ সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিটি সেশন মনোযোগ দিয়ে অনুসরণ এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান তিনি।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক সুবিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শ্বাশত চাকমা রিংকু, নন্দিতা দাশ ও সুবর্ণ দেব বর্মণসহ পরিষদের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রশিদ।

স্বাগত বক্তব্যে মো. ফরিদুল আলম প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম না করার বিষয়ে অংশগ্রহণকারীদের সতর্ক করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং নানিয়ারচর উপজেলার তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নিচ্ছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: