এবার যাত্রাবাড়ী ও দারুস সালাম ককটেল বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এবং দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনারের (ট্রাফিক) অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই রবিবার (৮ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এদিন রাত ১০টার দিকে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের বিকট শব্দে আশপাশে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
এছাড়া এদিন রাতে দারুস সালাম ট্রাফিক জোন অফিসের সামনে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে পৃথক দুই ককটেল বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ এলাকায় দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরিত হয় সেটি। এ ঘটনায়ও এখনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া এদিন রাত ৮টার দিকে পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আর সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
বিভি/টিটি













মন্তব্য করুন: