• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে ৪৮ মোবাইল ও ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাঙ্গামাটিতে ৪৮ মোবাইল ও ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার 

রাঙ্গামাটিতে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সময়ে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে সংস্থাটির বিশেষায়িত সাইবার ক্রাইম সেল।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

১৮ এপিবিএন সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে হারানো মোবাইল ফোন ও আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে বিশেষায়িত সাইবার ক্রাইম সেল প্রযুক্তিগত অনুসন্ধান চালায়। এতে মোট ৪৮টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা সম্ভব হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। যথাযথ যাচাই-বাছাই শেষে উদ্ধার করা এসব মোবাইল ফোন ও অর্থ মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে টাকা ফেরত পাওয়া এক ভুক্তভোগী জানান, ভুলবশত তার ২৩ হাজার টাকা অন্য একটি নম্বরে চলে যায়। পরে ওই নম্বরে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি দুর্ব্যবহার করেন এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে তিনি ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের সহায়তা নেন। তাদের প্রচেষ্টায় পুরো টাকা ফেরত পান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম। এ সময় সহকারী পুলিশ সুপার এ কে এম আলিনুর হোসেন পিপিএম, ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য এবং সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, জনগণের সেবা ও আইনি সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব। সাধারণ মানুষের মোবাইল হারানো কিংবা ভুলবশত অন্য নম্বরে টাকা চলে যাওয়ার মতো ঘটনায় হতাশ না হয়ে আইনের সহায়তা নেওয়া উচিত। সাইবার অপরাধ ও প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও জনকল্যাণমূলক উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: