নেদারল্যান্ডসে দত্তক, বাবা-মায়ের খোঁজে ৪৬ বছর পর বাংলাদেশে রাজিব
১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই লালন-পালন এবং বেড়ে ওঠা। বর্তমানে ৪৯ বছর বয়সে এসে রাজিব খোঁজ করছে তার বাংলাদেশের শিকড়কে। গত ছয় বছর যাবত কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছে তার আসল বাবা মাকে। সর্বশেষ কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এসে খোঁজ নেন তার পাসপোর্টে থাকা পেয়ারা কান্দি গ্রামের। তবে সেই গ্রাম খুঁজতে গিয়ে কখনো দেখা যাচ্ছে ওইগ্রাম কুমিল্লা জেলায়, আবার কখনো দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোন একটি গ্রাম। পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি। দাদা নাম - রহিম উদ্দিন।
জটিলতা তৈরি হয়েছে রাজিবের ঠিকানায় যে গ্রামের নাম দেয়া হয়েছে - সে অঞ্চলটি কোন এক সময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়। অস্থায়ী ঠিকানা হিসেবে লেখা রয়েছে- বেবী হোমস্ - ঢাকা, বাংলাদেশ। শুধু রাজিব নয়, তার সাথে তার বন্ধু সেলিনাও বাংলাদেশে এসেছে তার বাবা মায়ের খোঁজে। রাজিব বিগত ছয় দফা বাংলাদেশে এসে খুঁজেছে তার বাবা মাকে। রাজিব পেশায় একজন সমাজকর্মী।
রাজিব উদ্দিন বলেন, আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডে কাটালেও আমি সেখানে বিদেশী। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডে আমার সবকিছু আছে আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে - যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই আমি আসলে কার মত হয়েছি - বাবার মত নাকি মায়ের মত।
রাজিব উদ্দিন দেখা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সাথে। সেখান থেকে তার পাসপোর্ট এর ঠিকানা দিয়ে সাহায্য চাওয়া হয় - কোথায় আসলে ওই জায়গাটি। এ সময়ে রাজিব উদ্দিন বলেন, এর আগেও আমি এক গ্রামে গিয়ে যখন খোঁজ করেছি একজন ব্যক্তি জানিয়েছে সে আমার বাবা। কিন্তু পরে ডিএনএ টেস্ট করে বুঝতে পারি-আমার সাথে মিলছে না।
রাজিবের সাথে নেদারল্যান্ড থেকে গত তিন দফায় বাংলাদেশে এসে বাবা মাকে খুঁজছে সেলিনা গোমেজ। যদিও তার ঠিকানা কক্সবাজার দেয়া - সেখানে গিয়েও খুঁজে এসেছে তাদের। এখন তার বন্ধু রাজিবের সাথে কুমিল্লায় অবস্থান করছে সেলিনা। পেশায় সেলিনা একজন গায়িকা। সেলিনা বলেন, আমি নেদারল্যান্ডসে বিদেশীর মতই থাকি। সেখানে আমাকে লালনপালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই - আমার আসল বাবা মা কে? আমি বা রাজিব যে-ই খুঁজে পাই না কেন এটা হবে আমাদের স্বার্থকতা।
রাজিব ও সেলিনার সাথে গাইড হিসেবে সঙ্গ দিচ্ছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মোঃ ওমর। ওমর জানান, সেলিনা আর রাজিব তাদের ঠিকানা অনুযায়ী খোঁজাখুঁজি করছে। আমরা পাসপোর্ট এর ঠিকানা অনুযায়ী স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছি। তারা তাদের বাবা মাকে খুঁজে পেলে আমাদেরও খুশি লাগবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা রাজিব উদ্দিন এর কাগজপত্র দেখেছি। সে ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। যদি সেই ঠিকানায় রাজীব উদ্দিনের বাবার ঠিকানা হয়ে থাকে তাহলে তারা সেখানে গিয়ে খোঁজ করতে পারবে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: