• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই: হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই: হাবিবুল ইসলাম হাবিব

মানবতা ও জনসেবার অঙ্গীকারের মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বার্ষিক খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় শহরের সুলতানপুরস্থ সেন্ট জর্জ গির্জা প্রাঙ্গণের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। 

প্রধান অতিথি এসময় বলেন, সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই। মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতা। ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের প্রতি ভালোবাসা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে নিহিত। তিনি এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

সম্মেলনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রোজারিও সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য দেন।

সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রেভারেন্ড ফাদার স্বপন বৈরাগীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, বড়দল ধর্মপল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার ডমিনিক সরকার, শ্যামনগরের ঈশ্বরীপুর ধর্মপল্লীর রেভাঃ ফাদার লুইজী পাঙ্গী, বড়দল ধর্মপল্লীর সহকারী পালক পুরোহিত রেভাঃ ফাদার সার্জিও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা। সম্মেলনে বিভিন্ন গির্জার ধর্মীয় প্রতিনিধি, ফাদার, সিস্টার, পালক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানবতা ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিভি/এএস/এজেড

মন্তব্য করুন: