• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পে রক্ষা

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব (কিশোরগঞ্জ)

প্রকাশিত: ০৮:৪২, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পে রক্ষা

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে পরপর ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাচে আগুন ধরে যায়। চালক তাৎক্ষণিক বাস থামালে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর বেণী বাজার মোড়ে যাতায়াত পরিবহনের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

বাসের চালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। মুহূর্তেই বাসের সামনের কাচে আগুন ধরে যায়। তখন দ্রুত গতি নিয়ন্ত্রণ করে বাস থামালে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি আর-ওয়ান-ফাইভ ও একটি ডিসকভার মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তারা ওই সড়কে মহড়া দিয়েছিল। পরে ফিরে এসে বিকট শব্দে একটি ককটেল ও একটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

তবে স্থানীয়দের দাবি, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিভি/ভৈরব/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত