বিশ্ব শিশু দিবসে ওয়ারিতে ‘কিডস ফান ফেস্ট ম্যারাথন’
বিশ্ব শিশু দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ওয়ারিতে শিশুদের অংশগ্রহণে ‘কিডস ফান ফেস্ট ম্যারাথন ২০২৬’ আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা প্রোটেস্টিং ভয়েস। শিশুদের শারীরিক কার্যক্রমে উৎসাহিত করা, বিনোদনের সুযোগ তৈরি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই ছিলো এ আয়োজনের মূল লক্ষ্য।
বয়সভিত্তিক তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় ম্যারাথনটি। এতে তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য ৫০০ মিটার, ছয় থেকে নয় বছর বয়সীদের জন্য এক হাজার মিটার এবং ৯ থেকে ১২ বছর বয়সীদের জন্য দেড় হাজার মিটার দৌড়ের ব্যবস্থা ছিল।
আয়োজনে সহযোগিতা করে ওয়ারিয়ান্স অ্যালামনাই, এসএমসি, হ্যাপি ডেন্টালসহ কয়েকটি কমিউনিটি পার্টনার। অংশগ্রহণকারী শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব পায় আয়োজনে। এ জন্য তাদের দেওয়া হয় এসএমসির ‘মনিবিস্কুট’। পাশাপাশি ইভেন্টের টি-শার্ট, মেডেল, সনদপত্রসহ বিভিন্ন উপহার দেওয়া হয় শিশুদের।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিশুদের খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডে আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুস্থ ও আনন্দময় শৈশব গঠনে ভূমিকা রাখবে।
বিভি/এমআর













মন্তব্য করুন: