গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, বিজিবি, এসআরবি ও আনসারের ডিজি
ছবি: বা থেকে আইজিপি, এসআরবি ও বিজিবি’র ডিজি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তার এই সফরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও ভিডিপির মহাপরিচালকরাও সঙ্গী হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান। আইজিপির সঙ্গে এই উচ্চপর্যায়ের পরিদর্শনে রয়েছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
জানা গেছে, সফরকালে তারা জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ কল্যাণ সভায়ও তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে টানা কয়েক দিনের অস্থিরতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং নতুন করে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
শুক্রবার জেলা শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, রাত থেকে বৃষ্টি থাকায় সকাল পর্যন্ত জেলার কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। শহরে ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রধান সড়কগুলোতে সীমিত পরিসরে রিকশা ও ইজিবাইক চললেও অন্য যানবাহনের দেখা মেলেনি। খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের না হওয়ায় শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।
বিভি/বিএস/এমআর













মন্তব্য করুন: