দুই দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার
নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় নাটোরের বড়াইগ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া মো. হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ মেসে থাকতেন।
এদিকে, খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. ফরিদুল ইসলাম ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বনপাড়ার ওই হাসপাতালে ছুটে আসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
নিখোঁজের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে পুলিশ তার মোবাইলের সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানক্ষেতে হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে থানা-পুলিশকে খবর দেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। এ কারণে কীভাবে তিনি এখানে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা-পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/নাটোর/পিএইচ













মন্তব্য করুন: