যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে যশোর সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে সেনানিবাসে এক মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
প্রতি বছরের মতো এবারও দিবসটি উপলক্ষে যশোর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এসইউপি, এসপিপি, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
স্বাগত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পাশাপাশি অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন।
এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন তিনি।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/যশোর/পিএইচ













মন্তব্য করুন: