• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিএনপি-নিষিদ্ধ আ.লীগ সংঘর্ষ, এবার উত্তপ্ত পাবনা

প্রকাশিত: ১৭:০৩, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিএনপি-নিষিদ্ধ আ.লীগ সংঘর্ষ, এবার উত্তপ্ত পাবনা

ছবি: সংগৃহীত

পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ চলছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে দুই দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আবারও সংঘর্ষে জড়ান দুই পক্ষের নেতাকর্মী-সমর্থকেরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।’

বিভি/এজেড

মন্তব্য করুন: