• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

একবার যারা পালিয়ে যায়, তারা আর জনগণের মাঝে আসতে পারে না: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৮, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
একবার যারা পালিয়ে যায়, তারা আর জনগণের মাঝে আসতে পারে না: পরিবেশ প্রতিমন্ত্রী

একবার যারা পালিয়ে যায়, তারা আর কখনো জনগণের মাঝে ফিরে আসতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর থেকে রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিলেন। কিন্তু আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী নেতা-কর্মী নাশকতার পথ বেছে নিয়েছেন। তারা মনে করছেন, তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তারা আবার ক্ষমতায় যাবেন। এ ধরনের স্বপ্ন দেখছেন তারা।

তিনি বলেন, বিএনপি কখনো পালিয়ে যায়নি। ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, গুম ও খুন উপেক্ষা করে দলটির নেতা-কর্মীরা মাঠে ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বিমান ও হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় নিয়েছেন। এখন নতুন করে স্বপ্ন দেখে তারা আবারও নাশকতা করছেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, গোপালগঞ্জে গত কয়েক দিন ধরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাদের পাতা ফাঁদে বিএনপি পা দেয়নি। বিএনপি কোনো রক্তপাত ঘটায়নি। বরং জড়িতদের চিহ্নিত করেছে। যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হবে। আমরা চাই না কোনো মানুষ আক্রান্ত হোক। প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। এ কারণে এত উসকানির মধ্যেও বিএনপি সংঘাতের পথে যায়নি।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে বিএনপি নিষিদ্ধ করেনি। বিগত সরকারের সময় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির কেউ যদি তাদের সহযোগিতা করেন, তাদেরও ছাড় দেওয়া হবে না। ইতোপূর্বে বিএনপির অনেক নেতা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছেন। নতুন করে কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। সুবিধাবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে। দলের মধ্যে থাকা দালাল, ধান্ধাবাজ ও বাটপারদের প্রশ্রয় দেওয়া হবে না।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি কর্মী ও জনবান্ধব মানুষ। আমি শান্তির পথে অবস্থান করি। এই জনপদে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমি কারও এক কাপ চাও খাই না, পেট ভরার রাজনীতি করি না। আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেও প্রতিমন্ত্রীসহ বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে যোগ দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

বিভি/মোংলা/পিএইচ

মন্তব্য করুন: