• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নুহা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্ত কর্মকর্তার রিপোর্ট ঘিরে অভিযোগ

প্রকাশিত: ২০:০৪, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৮, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নুহা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্ত কর্মকর্তার রিপোর্ট ঘিরে অভিযোগ

সাত বছরের শিশু নুহার নিথর দেহ পড়ে ছিল একটি পরিত্যক্ত বাড়ির পেছনে। শরীরে আঘাতের চিহ্ন, এলোমেলো পোশাক, এমনকি ডান হাতে মুঠোভর্তি পুরুষের চুলও পাওয়া যায় বলে দাবি পরিবারের। অথচ শুরুতে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে পুলিশ। ঘটনার নয় দিন পর ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার তথ্য আসার পর হত্যা মামলা নেয় পুলিশ। ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও শনাক্ত হয়নি হত্যাকারী। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার ঘটনা ছড়িয়ে পড়ার পর পুলিশের তৎপরতা বাড়লেও তদন্তের শুরুতেই গুরুত্বপূর্ণ আলামত আড়াল করার অভিযোগ উঠেছে। খোদ তদন্ত কর্মকর্তা ও থানার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নিহত শিশুর স্বজনেরা।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়ানপুর গ্রামের বাসিন্দা নুহা। তিন সন্তানের মধ্যে সে ছিল দ্বিতীয়। প্রতিদিনের মতো ঘটনার দিনও বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদরাসায় গিয়েছিল প্রথম জামাতের শিক্ষার্থী নুহা। দুপুরে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করে। এরপর মায়ের কাছে আবদার করে জানায়, শরীর ভালো লাগছে না, সেদিন আর কোচিংয়ে যাবে না। তবে সামনে বার্ষিক পরীক্ষা থাকায় মা মৌসুমি আক্তার তাকে কোচিংয়ে যেতে বলেন। বাড়ি থেকে বের হওয়ার আগে মা ও দাদিকে সালাম করে নুহা। পরিবারের কেউ জানতো না, সেটিই হবে তাদের আদরের সন্তানের শেষ বিদায়।

গত ৯ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামে মাদরাসার উদ্দেশে বের হয় নুহা। পরিবারের দাবি, মাদরাসায় পৌঁছে ব্যাগ রেখে টাকা খুঁজতে বের হয়েছিল সে। এরপর থেকেই নিখোঁজ হয় শিশুটি। বিকেলে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে পাওয়া যায় তার নিথর দেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর পরিবারের অভিযোগ, নুহার মরদেহের অবস্থান ছিল অত্যন্ত সন্দেহজনক। তার পায়জামা খোলা, জামা ওপরের দিকে ওঠানো এবং মাথায় হিজাব ছিল। ডান হাতে মুঠোভর্তি চুলও পাওয়া যায় বলে দাবি স্বজনদের। তাদের আরও অভিযোগ, নুহার মুখ, ঠোঁট, গলা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত, ফোলা ও দাগ ছিল। এমনকি গোপনাঙ্গেও আঘাতের চিহ্ন দেখতে পান তারা।

পরিবারের প্রশ্ন, এতসব আলামত থাকার পরও কেন শুরুতে অপমৃত্যুর মামলা হিসেবে ঘটনাটি নথিভুক্ত করা হলো? তদন্ত কর্মকর্তা বিপ্লব কুমার সিংহের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত গোপনের অভিযোগও তুলেছেন নুহার বাবা-মা ও স্বজনেরা।

এদিকে, নুহা হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী। ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যে পরিত্যক্ত বাড়ির পেছনে নুহার মরদেহ পাওয়া যায়, সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

তদন্ত কর্মকর্তা ও দেরিতে হত্যা মামলা নেওয়ার বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে। তদন্তে কোনো গাফিলতি নেই বলেও দাবি করেন তিনি।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়েছে। সঠিক প্রতিবেদন তৈরি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে জেলা পুলিশ সুপার এন এম নাসিরউদ্দিন জানান, প্রথমে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকায় পুলিশ কিছুটা বিভ্রান্ত ছিল। প্রাথমিকভাবে হত্যার আলামত শনাক্ত করতে না পারায় ময়নাতদন্তের জন্য অপমৃত্যু সংক্রান্ত জিডির ভিত্তিতে মরদেহ পাঠানো হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ায় থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ বলছে, একাধিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছেন। তবে নুহার পরিবারের দাবি, তারা শুধু আশ্বাস চান না; চান নিরপেক্ষ তদন্ত, শিশুটির হাতে পাওয়া চুলসহ সব আলামতের ফরেনসিক পরীক্ষা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি।

বিভি/এইচএস/পিএইচ

মন্তব্য করুন: