• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচ দেখবেন যেভাবে

প্রকাশিত: ২১:৩৪, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৩৭, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মেসির বিদায়ী ম্যাচ দেখবেন যেভাবে

বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আজ যেন থমকে গেছে সময়। দীর্ঘ ২১ বছর ধরে যিনি আর্জেন্টিনার আশা-আকাঙ্ক্ষার কাণ্ডারী ছিলেন, সেই লিওনেল মেসি আজ শেষবারের মতো জাতীয় দলের ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সি গায়ে চাপিয়ে সবুজ গালিচায় পা রাখছেন। বিশ্বকাপ জয়ের পর ফের ফাইনালে পরাজয়ের মুখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই কিংবদন্তি। দেশের মাঠে তাকে মর্যাদাপূর্ণ সংবর্ধনা ও বিদায় জানাতেই বিশেষ এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিপক্ষ আফ্রিকার দল বেনিন। তবে এই ম্যাচের জয়-পরাজয়ের চেয়ে আবেগ ও অনুভূতিই মূল আকর্ষণ হয়ে উঠেছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিশেষ আমন্ত্রণে মেসি শুধু এই একটি ম্যাচেই অংশ নিচ্ছেন। তার পাশে থাকতে ২০২২ বিশ্বকাপজয়ী সতীর্থরাও পরিবারসহ মাঠে উপস্থিত থাকছেন। আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) ম্যাচটি শুরু হবে। প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে ‘লাস্ট ট্যাঙ্গো’নামের এই ম্যাচের মাধ্যমেই টানা দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত ইতি টানবেন মেসি।

বাংলাদেশসহ এই অঞ্চলের ভক্তদের বড় কৌতূহল-ম্যাচটি কীভাবে উপভোগ করা যাবে। দেশীয় কোনো টিভি চ্যানেল এর সরাসরি সম্প্রচারের স্বত্ব না পেলেও ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ZEE5’-এ এটি সরাসরি দেখা যাবে। পাশাপাশি পেইড সাবস্ক্রিপশন নিয়ে ‘ইউনিট৮ স্পোর্টস-১’ ও ‘ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি’ চ্যানেলেও খেলাটি উপভোগ করা সম্ভব। আর আর্জেন্টিনায় সরাসরি সম্প্রচার করছে ‘টিওয়াইসি স্পোর্টস’ ও তাদের অনলাইন প্ল্যাটফর্ম।

অনেকে স্পোর্টসফাই বা ক্রীড়া টিভির মতো থার্ড-পার্টি অনানুষ্ঠানিক অ্যাপ ব্যবহার করতে পারেন, তবে সেগুলোতে ভিডিওর মান খারাপ হওয়া এবং নানা ঝুঁকির আশঙ্কা থাকে। তাই বৈধ ও স্বীকৃত প্ল্যাটফর্ম ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

মেসির এই প্রস্থান কেবল একজন ফুটবলারের বুট জোড়া তুলে রাখা নয়, বরং ফুটবল ইতিহাসের একটি মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে সর্বোচ্চ ১২৫ গোল করার পাশাপাশি সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়ে তিনি আন্তর্জাতিক আঙিনা ছাড়ছেন। প্রিয় তারকাকে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখতে বাংলাদেশের ভক্তরাও ভোরের ঘুম ত্যাগ করে পর্দার সামনে চোখ রাখবেন।

বিভি/একেএম/টিটি

মন্তব্য করুন: