সেমিফাইনালে হামজাকে পাত্তাই দিচ্ছেন না পাকিস্তানি গোলরক্ষক
সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর হুমকিকে পাত্তাই দিলেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। তার সাফ কথা, হামজাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই বরং ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষেই মাঠে নামতে তিনি বেশি আগ্রহী।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিতের এই লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। শুক্রবার অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে ইউসুফ বাট বলেন, "আমি হামজাকে নিয়ে কিছু ভাবছি না। আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা নিয়েই আমি বেশি আগ্রহী।"
বাংলাদেশের খেলোয়াড়দের মানের প্রশংসা করলেও নিজের দলের শক্তির ওপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। বাটের মতে, হামজাকে নিয়ে যতই আলোচনা হোক না কেন, পাকিস্তানের দলেও আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবি ও আবদুল আরশাদের মতো দুর্দান্ত ফুটবলাররা আছেন। এছাড়া ফিফা উইন্ডোতে যোগ হওয়া নতুন পাঁচজন খেলোয়াড় দলের প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে। তাঁর বিশ্বাস, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্য এনে দেবে।
টুর্নামেন্টের শুরুটা ভারতের বিপক্ষে হারে হওয়ায় ফাইনালের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আবারও খেলার আক্ষেপ ও তীব্র ইচ্ছার কথা জানিয়েছেন পাক গোলরক্ষক। তিনি বলেন, "ভারতের বিপক্ষে আমাদের আগের ম্যাচটি খুবই খারাপ হয়েছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটিকে সবচেয়ে খারাপ বলা চলে। আমি সত্যিই ফাইনালে তাদের বিপক্ষে আবার খেলতে চাই।"
তবে ফাইনালের আগে বাংলাদেশ যে বড় বাধা, সেটিও মনে করিয়ে দিয়েছেন বাট। তিনি জানান, এক ম্যাচ এক ম্যাচ করেই তারা এগোতে চান এবং এই মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ শুধু বাংলাদেশের বিপক্ষেই। সাফ চ্যাম্পিয়নশিপকে বছরের সবচেয়ে বড় লক্ষ্য উল্লেখ করে ইউসুফ বাট আশাবাদ ব্যক্ত করেন, এবার ইতিহাস গড়ে পুরো পথ পাড়ি দিয়ে শিরোপা জিতবে পাকিস্তান।
বিভি/একেএমএসকে/এজেড













মন্তব্য করুন: