আইসিসি ইমার্জিং ট্রফিতে বাংলাদেশ নারী দলের শুভ সূচনা
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী দল। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ধরাশায়ী করেছে সোবহানা মোস্তারির দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের কাপ্তান জোসেফিনে এনকোমো। ইনিংসের সূচনাটা মাপা ছাঁচেই করেছিল জিম্বাবুয়ানরা; পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩১ রান। সপ্তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
রাবেয়া খানের ঘূর্ণিতে ১২ রান করে আউট হন ওপেনার বিলাভড বিজা। এরপর উইকেটে এসে রানের খাতা খুলতে পারেননি শের্ন মেয়ার্স। অপর ওপেনার কেলিস এনদোভলুর ব্যাট থেকে আসে ২২ রান। দলীয় রান শতরান পার করতে চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ একটি জুটি গড়ে ওঠে। চিপো-মুগেরি ত্রিপানো ৩০ বল মোকাবিলা করে ৪০ রান সংগ্রহ করেন এবং দলনেতা এনকোর ব্যাট থেকে আসে মূল্যবান ৩৫ রান।
এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। সবমিলিয়ে ২০ ওভারের নির্ধারিত খেলা শেষে জিম্বাবুয়ে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করতে সমর্থ হয়। টাইগ্রেসদের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন রাবেয়া খান, তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া দিশা বিশ্বাস ২টি এবং রিতুমনি ১টি উইকেট পকেটে পুরেন।
জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতেই ১০৪ রান যোগ করে জয়কে একদম হাতের নাগালে নিয়ে আসেন তারা। তবে জয় থেকে সামান্য দূরে থাকতেই সাজঘরে ফিরতে হয় সাথীকে। ৪৩ বল খেলে ৪৫ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার।
এরপর ক্রিজে আসা শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন দিলারা। শেষ পর্যন্ত দিলারা ৬৮ রানে এবং শারমিন ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মাত্র ১৭.৩ ওভারে (১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে) ১৩৫ রান সংগ্রহ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল।
বিভি/এজেড













মন্তব্য করুন: