গণ বিশ্ববিদ্যালয়
প্রথম আবেদনেই বাজিমাত! দেড় শতাধিক প্রতিযোগী টপকে চাকরি পেলেন দুই বন্ধু
হাদিসুর রহমান তৌহিদ ও এনামুল হোসাইন আকন্দ
দেড় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগে জায়গা করে নিলেন হাদিসুর রহমান তৌহিদ ও এনামুল হোসাইন আকন্দ।
জীবনের কিছু গল্প থাকে, যেগুলো খুব বেশি দীর্ঘ নয়, অথচ অনুপ্রেরণার দিক থেকে অনেক বড়। কিছু সাফল্য আসে দীর্ঘ অপেক্ষার পর, আবার কিছু সাফল্য যেন পরিশ্রম, অধ্যবসায় আর সৃষ্টিকর্তার অশেষ রহমতে প্রত্যাশার চেয়েও দ্রুত ধরা দেয়। গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দুই শিক্ষার্থী হাদিসুর রহমান তৌহিদ ও এনামুল হোসাইন আকন্দের গল্পটি ঠিক তেমনই।
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সবে দুই মাসের কিছু বেশি সময়। হাতে তখন সদ্য অর্জিত স্নাতক ডিগ্রি, সামনে কর্মজীবনের অনিশ্চিত পথচলা। ঠিক সেই সময়েই জীবনের প্রথম চাকরির আবেদন। প্রতিষ্ঠান Ziska Pharmaceuticals Limited, পদ Officer, Quality Control। প্রতিযোগিতায় ছিলেন দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। বিপরীতে নিয়োগ দেওয়া হবে মাত্র পাঁচজনকে।
প্রতিযোগিতার মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণের লড়াইয়ে নেমেছিলেন অনেকেই। কিন্তু সেই কঠিন প্রতিযোগিতায় নিজেদের জায়গা করে নেন হাদিসুর রহমান তৌহিদ ও এনামুল হোসাইন আকন্দ–সেরা পাঁচজনের তালিকায় স্থান করে নেন দুজনই।
এটি ছিল তাদের দুজনেরই প্রথম চাকরির আবেদন, প্রথম ভাইভা এবং প্রথম চাকরি। একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ, একই ব্যাচের দুই বন্ধু—জীবনের প্রথম কর্মজীবনও শুরু করলেন একই প্রতিষ্ঠানে, একই পদে। বন্ধুত্বের সম্পর্ক এবার রূপ নিল সহকর্মীর সম্পর্কে। ব্যাচমেট থেকে কলিগ হওয়ার এমন প্রাপ্তি তাঁদের কাছে যেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক বিশেষ উপহার।
সংগঠনে সক্রিয়, পড়াশোনায়ও সমান মনোযোগী
হাদিসুর রহমান তৌহিদ ও এনামুল হোসাইন আকন্দ শুধু ভালো শিক্ষার্থীই ছিলেন না, বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক ও সহশিক্ষা কার্যক্রমেও ছিল তাদের সরব উপস্থিতি।
হাদিসুর রহমান তৌহিদ দায়িত্ব পালন করেছেন গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস)-এর সাধারণ সম্পাদক হিসেবে। দায়িত্ব পালনের সময় সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও কর্মতৎপরতার পরিচয় দিয়েছেন তিনি। অন্যদিকে এনামুল হোসাইন আকন্দ আন্তঃবিভাগীয় বিভিন্ন কার্যক্রমে নিজের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা তুলে ধরেছেন।
তবে সাংগঠনিক ব্যস্ততা কখনোই তাদের পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সংগঠনের কাজের পাশাপাশি নিয়মিত ক্লাস, মিড-ক্লাস টেস্ট, প্রেজেন্টেশনসহ একাডেমিক কার্যক্রমে তারা ছিলেন যথেষ্ট মনোযোগী। দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি তাঁদের সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে।
তাদের পথচলা যেন একটি বার্তাই দেয়—শুধু একাডেমিক ফলাফল নয়, বরং সময় ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং নিয়মিত অধ্যবসায় একজন শিক্ষার্থীকে কর্মজীবনের জন্য আরও বেশি প্রস্তুত করে তোলে।
শিক্ষকের দিকনির্দেশনা, সাফল্যের পথে অনুপ্রেরণা
নিজেদের এই অর্জনের পেছনে বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং বর্তমান স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ ফুয়াদ হোসেন স্যারের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়জীবনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে একাডেমিক পড়াশোনার সমন্বয় করে কীভাবে এগিয়ে যেতে হয়, সে বিষয়ে স্যারের দিকনির্দেশনা তাঁদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাফল্যের আনন্দে প্রথমেই বাবা-মা, তারপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা
চাকরির সুসংবাদ পাওয়ার পর দুজনের কাছেই প্রথম আনন্দের মুহূর্তটি ছিল বাবা-মাকে খবরটি জানানো। জন্ম থেকে আজকের অবস্থানে পৌঁছানো পর্যন্ত তাদের জীবনের প্রতিটি অধ্যায়ে বাবা-মায়ের ত্যাগ, ভালোবাসা, দোয়া ও সমর্থন ছিল অপরিসীম। তাই নিজেদের অর্জনের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি বাবা-মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
তবে এই সাফল্যকে তারা কেবল নিজেদের অর্জন হিসেবেই দেখছেন না; বরং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত ও নিয়ামত হিসেবেও বিবেচনা করছেন। তাদের বিশ্বাস, নিজের পরিশ্রম ও চেষ্টা যেমন সাফল্যের জন্য জরুরি, তেমনি সৃষ্টিকর্তার অনুগ্রহও জীবনের প্রতিটি অর্জনকে পূর্ণতা দেয়।
প্রথম চাকরি, নতুন স্বপ্ন, নতুন পথচলা
বিশ্ববিদ্যালয়ের পরিচিত ক্যাম্পাস থেকে এবার পেশাগত জীবনের নতুন ঠিকানায় তাদের যাত্রা। এতদিন যারা ছিলেন সহপাঠী, বন্ধু ও সাংগঠনিক কাজের সহযোদ্ধা, এবার তারা একই প্রতিষ্ঠানে একই বিভাগের সহকর্মী।
মাত্র দুই মাসের কিছু বেশি সময় আগে স্নাতক সম্পন্ন করে প্রথম চাকরিতেই এমন অর্জন নিঃসন্দেহে তাদের জন্য আনন্দের, গর্বের ও অনুপ্রেরণার। পাশাপাশি এটি গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের বর্তমান শিক্ষার্থীদের জন্যও আশাব্যঞ্জক একটি বার্তা।
সাফল্যের জন্য তারা বন্ধুত্বকে পেছনে ফেলেননি, সাংগঠনিক ব্যস্ততার অজুহাতে পড়াশোনাকে অবহেলা করেননি, আবার ভবিষ্যতের অনিশ্চয়তায় থেমেও থাকেননি। নিজেদের দায়িত্ব পালন করে গেছেন, চেষ্টা করে গেছেন এবং প্রথম সুযোগেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
দুজনের পথচলা হয়তো সবে শুরু। সামনে অপেক্ষা করছে আরও বড় দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ ও অসংখ্য সম্ভাবনা।
বিভি/এজেড













মন্তব্য করুন: