• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নিখোঁজের দুই দিন পর পায়রা নদীতে মিললো জেলের মরদেহ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নিখোঁজের দুই দিন পর পায়রা নদীতে মিললো জেলের মরদেহ

বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর জেলে ওমর আলী গাজীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া পয়েন্টে পায়রা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোচা এলাকার মৃত আব্দুল হাকিম গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লোচা এলাকার কাছের নদীতে জাল ও মাছ ধরার সরঞ্জাম তোলার সময় অসাবধানতাবশত ট্রলার থেকে ছিটকে পায়রা নদীতে পড়ে তলিয়ে যান ওমর আলী। এ সময় ট্রলারে থাকা অপর জেলে জলিলুর রহমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে আমতলী থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মৎস্য বিভাগের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শুক্রবার সকালে তালতলীর তেঁতুলবাড়িয়া এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা পুলিশকে খবর দেন। নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।

খবর পেয়ে ওমর আলীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের ভাই আক্কেল আলী গাজী বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে আমরা নদীর সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছি। সকালে খবর পেয়ে তালতলীতে আসি। পেটে থাকা পুরোনো অস্ত্রোপচারের দাগ দেখে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।’

তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ জেলে ওমর আলীর বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত