• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রোগের যন্ত্রণা সইতে না পেরে এসিড পান করে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৮:৩২, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রোগের যন্ত্রণা সইতে না পেরে এসিড পান করে যুবকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে রাসায়নিক পদার্থ পান করে দোলন কুমার বণিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগতে থাকা দোলন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। রোগের যন্ত্রণা সইতে না পেরে তিনি এমনটি করেছেন বলে ধারণা করছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বণিক বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দোলন কুমার বণিক উত্তর মোহাম্মদপুর গ্রামের মানিক লাল বণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোলন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ভারতে চিকিৎসাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও সুস্থ হননি তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের একটি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, অসুস্থতার যন্ত্রণা থেকে মুক্তি পেতে সবার অগোচরে তিনি রাসায়নিক পদার্থ পান করেন। এতে তার পরনের কাপড়ও পুড়ে যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত