• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক গ্রেফতার 

প্রকাশিত: ১৬:৪০, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক গ্রেফতার 

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় সুমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার সুমন স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক বলে জানিয়েছে পুলিশ। 

এসপি আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করে। সুমনকে নিয়ে পুলিশ কুমিল্লায় রওনা দিয়েছে।

কুমিল্লায় পৌঁছলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তবে কখন সংবাদ সম্মেলন হতে পারে সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি তিনি।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাতুল যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাজমিনের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কম্পানির কুমিল্লা রিজিয়নে চাকরি করছেন। তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

এ ঘটনার পর নিহত জান্নাতুলের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত