আগুনে পুড়লো বাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে আগুনে পুড়ে একটি বাড়ির প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা আগুন লাগিয়ে বাড়িটি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার পুকুরিয়া ব্রিজসংলগ্ন পুকুরিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কালু আলীর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। কালু আলী ওই গ্রামের আনসারুল ইসলামের ছেলে।
কালু আলী জানান, রাত আড়াইটার দিকে তারা বাড়িতে আগুন দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটির জন্য আরও সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফাউল মুলক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টার, ইউপি সদস্য ইমরান হোসেন ও সাইদুর রহমান সেন্টু।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: