প্রথমবার প্রকাশ্যে গণনায় কত টাকা মিললো লালনের মাজারের দানবাক্সে?
প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হলো কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সের টাকা। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের তালা খুলে শুরু হয় গণনা, চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।
গণনায় পাওয়া গেলো ৬ লাখ ৪৯ হাজার ৩শ ৪৮ টাকা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ভক্ত অনুরাগি যারা শান্তি, সাম্য ও মানবতার মহাণ বাণীতে বিশ্বাসী তারাই এসব অর্থ দান করেন সাঁইজির সমাধী সংলগ্ন দানবাক্সে। এবারে আর্থিক বিষয়ে এমন স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেছেন সাধু ভক্ত অনুসারীরা।
প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। দানের অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তাঁদের দির্ঘদিনের। এ কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিষয়ে লালন একাডেমীর সাবেক নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রায় দুই দশক ধরে লালন একাডেমীর কোন নির্বাচিত কমিটি না থাকায় এই প্রতিষ্ঠানের বিদ্যমান নানাবিধ সম্পদ উৎস হতে আসা বিপুল পরিমান আর্থিক বিষয়ে অনিয়ম অস্বচ্ছতার বিষয়টি বার বার উঠে আসলেও তার কোন সমাধান হয়নি। প্রতি বছর দোল উৎসব এবং তিরোধান দিবসকে কেন্দ্র করে দুইবার আঁকড়া বাড়ির মেলার মাঠ ও জলমহাল ইজারা এবং দানবাক্স হতে কোটি টাকার অধিক আয় হয়ে থাকে। এবারের তিরোধান দিবসে অনুষ্ঠিতব্য লালন মেলার মাঠ ইজারা হতে আয় হয়েছে প্রায় অর্ধকোটি টাকা (৪৮ লাখ ৫০হাজার)।
মন্তব্য করে লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান বলেন, গত ৬ অক্টোবর লালন সাঁই’য়ের ১৩৬ তম তিরোধান দিবস উদযাপনের প্রস্তুতি সভায় উত্থাপিত প্রস্তাবনায় আর্থিক বিষয়ে স্বচ্ছতার গুরুত্ব বিবেচনায় প্রথমবারের মতো দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে লালন একাডেমীর আর্থিক বিষয়ে আর কোন অস্বচ্ছতার প্রশ্ন উঠবে না আশা করি’। একই ভাবে আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনের তিরোধান উদযাপন অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
বিভি/এজেড













মন্তব্য করুন: