• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেফতার করেছে এসআরবি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার পৌর মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।

গ্রেফতার রাজা পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি পূর্বপাড়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে। সে পাকুন্দিয়া থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩) ধারায় মামলা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে এসআরবি-১৪ সদর দপ্তরের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ৩০ বছর বয়সী ওই নারী পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে ভাড়া বাসায় ফিরছিলেন। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরে নিয়ে যায়। সেখানে রাজাসহ তিনজন পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে এবং তার স্বর্ণালংকার লুট করে। পরে তাকে হুমকি দিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় গত ৮ অক্টোবর পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়।

এসআরবি জানায়, এর আগে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকা থেকে এ মামলার তিন নম্বর আসামি বাবু (২০) কে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার রাজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: