৭ বছরের প্রেমের পর বিয়ে, মাস না পেরোতেই নববধূর রহস্যজনক মৃত্যু
বিয়ের এক মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জেবিন আক্তার (২১) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাত বছরের প্রেমের সম্পর্কের পর পারিবারিক সম্মতিতে বিয়ে করেছিলেন তারা। তবে বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঘটনার আগের রাতে স্বামীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে জেবিনের মরদেহ উদ্ধার করা হয়।
জেবিন উপজেলার চারগাছ গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, দুবাইপ্রবাসী মোজাম্মেল নামে এক যুবকের সঙ্গে জেবিনের প্রায় সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে গত ২৬ অক্টোবর তাদের বিয়ে হয়।
স্থানীয়দের ভাষ্য, শ্বশুরবাড়ির মূল ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন জেবিন। পরে শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।
জেবিনের চাচাতো ভাই জাকির জানান, মোজাম্মেল ও জেবিনের মধ্যে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
মেহারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাউছার আহমেদ জানান, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।
কসবা থানার এসআই রবিউল জানান, রবিবার বিকাল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে এসআই শাহিন ঘটনাস্থলে যান।
বিকাল ৫টার দিকে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এসআই শাহিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: