পাংশায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার
রাজবাড়ীর পাংশায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মাশালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মাশালিয়া গ্রামের মৃত শাহাদৎ মন্ডলের ছেলে শহিদ মন্ডল (৫৫), যিনি কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং তার ছেলে রোকনুজ্জামান (২৬), যিনি কলিমহর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, পাংশা থানার মামলা নম্বর-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নম্বর-১৯৬/২৫ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতারের পর তাদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিভি/ডিএইচ/এজেড













মন্তব্য করুন: