রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭
রাজধানীজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন থানা এলাকায় চালানো এসব অভিযানে একজন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৫৭টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে নানা আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ ১৩২ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০৫ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ৩২ জনকে ধরা হয়েছে। এর বাইরে এসআরইউ চারজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে বিস্ফোরকদ্রব্যের মধ্যে একটি অবিস্ফোরিত ককটেল এবং ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী তল্লাশিতে উদ্ধার হয়েছে ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার। এর পাশাপাশি একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৪টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৬০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: