মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই নারী খুন
মানিকগঞ্জে পৃথক ঘটনায় পোশাকশ্রমিকসহ দুই নারীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে সদর ও ঘিওর উপজেলায় এসব ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘিওর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘিওর উপজেলার সিংজুরি এলাকায় শ্বশুরবাড়ির পাশ থেকে চম্পা আক্তার নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনের মতো সোমবার (২৩ নভেম্বর) সকালে কর্মস্থলে গেলেও রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করেন। চম্পা পোশাক কারখানায় কাজ করে দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন।
অন্যদিকে, সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় সোমবার (২৩ নভেম্বর) রাতে সুমি বেগম নামে আরেক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর নামে এক যুবকের বিরুদ্ধে। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: