গোপালগঞ্জে প্রায় ১ লাখ বিকাশ-নগদ একাউন্ট স্থগিত কেন, জানালো কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব বন্ধ বা স্থগিত করা হয়েছে। অস্বাভাবিক লেনদেনের কারণে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ এমএফএস হিসাব বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। বিএফআইইউর পরামর্শ অনুযায়ী এসব হিসাবের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে হিসাবগুলো কত দিন বন্ধ বা স্থগিত থাকবে, কিংবা কবে নাগাদ আবার চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর কয়েক দিনের মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায়ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সড়ক অবরোধের কারণে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করেনি।
গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি এবং অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: