• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

‘আফগানিস্তানের ভূখণ্ড অন্যদের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না’

প্রকাশিত: ২০:৫০, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৫২, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
‘আফগানিস্তানের ভূখণ্ড অন্যদের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না’

আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

ন্যাশনাল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, যুদ্ধের শিকার একটি দেশ হিসেবে আফগানিস্তান অন্য কোনো দেশে অস্থিতিশীলতা বা নিরাপত্তাহীনতা তৈরি করতে চায় না। দেশটির নীতি, কৌশল ও জাতীয় স্বার্থ অন্য দেশে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করেন তিনি।

মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান চায় না কোনো দেশ আফগানিস্তান থেকে উদ্ভূত নিরাপত্তাহীনতা বা ক্ষতির মুখে পড়ুক। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটি আফগানিস্তানের নীতি নয়।’

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইসলামিক আমিরাতের ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে বর্তমানে সম্পর্কের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।

মুজাহিদের ভাষ্য, কিছু দেশ এখনো আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ত হতে প্রস্তুত নয়। তারপরও বিদ্যমান সমস্যাগুলো সমাধান এবং পারস্পরিক আস্থা তৈরিতে আফগানিস্তান কাজ করে যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ কারিবুল্লাহ সাদাত বলেন, দেশগুলোর মধ্যে সম্পর্ক হওয়া উচিত দ্বিপক্ষীয় ও পারস্পরিক। বর্তমান বিশ্বের অভিন্ন সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আফগানিস্তানের মধ্য দিয়ে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাকে পুরো অঞ্চলের জন্য উপকারী হিসেবে উল্লেখ করেছেন মুজাহিদ। তিনি বলেন, ইসলামিক আমিরাতের নীতির অন্যতম লক্ষ্য হলো আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ তাওস ফারজাদ বলেন, আফগানিস্তান দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই আঞ্চলিক উন্নয়নের জন্য দেশগুলোর আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা করা প্রয়োজন।

এর আগে উজবেকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বলেন, আফগানিস্তানকে শুধু নিরাপত্তা হুমকির উৎস হিসেবে দেখলে দেশটির সমস্যার সমাধান হবে না।

সূত্র: টোলো নিউজ

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত