• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপির

প্রকাশিত: ২৩:০১, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:০২, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপির

ছবি: বিজেপি

ভারতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের আন্দোলনকে ঘিরে কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, রাজপথের বিক্ষোভকে কেন্দ্র করে কংগ্রেস বাংলাদেশ ও নেপালের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে ক্ষমতায় ফিরতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মরিয়া বলেও অভিযোগ করেছে বিজেপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস কর্মীদের আচরণ তাদের উদ্দেশ্য স্পষ্ট করেছে।

ভান্ডারির দাবি, বিক্ষোভের সময় কংগ্রেস কর্মীরা পুলিশ সদস্যদের ধাক্কা ও লাথি দেন এবং তাদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন। রাহুল গান্ধীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হলেও তিনি ইচ্ছাকৃতভাবে পুলিশের সঙ্গে সংঘাত তৈরির চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও পুলিশকে ধাক্কা দেওয়ার চেষ্টা করার অভিযোগ তোলেন বিজেপির এই নেতা।

নির্বাচন কমিশন ইস্যুটি সুপ্রিম কোর্টে বিচারাধীন উল্লেখ করে ভান্ডারি বলেন, রাজপথের বিক্ষোভ আদালতের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। বরং রাহুল আদালতের ওপর চাপ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে কিছু আন্তর্জাতিক শক্তি রাহুল গান্ধীর সঙ্গে কাজ করছে বলেও দাবি করেন ভান্ডারি। তার অভিযোগ, রাহুলের লক্ষ্য গণতন্ত্র নয়, বরং পরিবারতন্ত্র প্রতিষ্ঠা। সূত্র: দ্য প্রিন্ট
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত