• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিশ্বের সবচেয়ে সেরা শহরেও গুলি, অল্পে রক্ষা পেলো ৫ বছরের শিশু!

প্রকাশিত: ১০:০৩, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:০৬, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বের সবচেয়ে সেরা শহরেও গুলি, অল্পে রক্ষা পেলো ৫ বছরের শিশু!

অতিসম্প্রতি বিশ্বের সবচেয়ে সেরা শহরের তকমা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। অথচ, অন্যতম ব্যস্ত ও পরিচিত শহরটিতেই এবার গুলির ঘটনা। শহরটির ব্রঙ্কসে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) এক কর্মকর্তার গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। এ সময় তার গাড়িতে ছিল পাঁচ বছর বয়সী একটি শিশু। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ভাষ্য অনুযায়ী, শিশুটি শারীরিকভাবে আহত হয়নি বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় বডিক্যামের ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। অন্যদিকে, শহরে আইসিইর অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন মেয়র মামদানি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, অপরাধে অভিযুক্ত এক অবৈধ অভিবাসীকে গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের সময় আইসিইর এক কর্মকর্তা গুলি চালান। আহত ব্যক্তি জীবিত আছেন এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর ও কোনোভাবেই মেনে নেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন মেয়র জোহরান মামদানি।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলি চালানোর আগে এজেন্টরা ওই ব্যক্তিকে তাঁর গাড়িতে থাকা পাঁচ বছর বয়সী শিশুসহ ঘিরে ফেলেছিলেন। এরপর একাধিকবার গুলি চালানো হয়। শিশুটি শারীরিকভাবে আহত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

মামদানির বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

বৃহস্পতিবার গভীর রাতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, এ ঘটনায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। নিউইয়র্কবাসীর পক্ষ থেকে তিনি নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন।

হোকুল বলেন, গুলির ঘটনার বডিক্যামের সব ফুটেজ জনসমক্ষে প্রকাশের অনুরোধ জানিয়েছেন তিনি। এতে ঘটনার প্রকৃত তথ্য জানা এবং সত্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, আহত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তিনি ডোমিনিকান রিপাবলিকের নাগরিক। তাঁর বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ চুরির অপরাধে আগে দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে বলে দাবি করেছে বিভাগটি। এ ছাড়া হামলা, ডাকাতি, মাদক ও অস্ত্র রাখার অভিযোগে তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছিল বলেও জানানো হয়েছে।

বিভাগটির দাবি, ওই ব্যক্তি ‘ট্রিনিটারিওস’ নামের একটি অপরাধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গোষ্ঠীটিকে একটি আন্তদেশীয় অপরাধী সংগঠন হিসেবে বর্ণনা করেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে এফবিআইয়ের কর্মকর্তাদের একটি গাড়ি তল্লাশি করতে দেখা যায়।

গুলির ঘটনার পর নিউইয়র্ক শহরে আইসিইর অভিযান বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাবেন বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আইসিইর কর্মকর্তারা তার শহরের বাসিন্দাদের আতঙ্কিত করবেন, আর তিনি তা নীরবে মেনে নেবেন না।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে বিক্ষোভ করেন একদল মানুষ। এ সময় তাঁদের ‘আমরা বিচার চাই’ এবং ‘এখনই আমাদের রাস্তা থেকে আইসিইকে সরাও’—এমন স্লোগান দিতে দেখা যায়।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত