• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

আরও শক্তিশালী হচ্ছে মক্কা জোট, সিরিয়া ও ইরানের যুক্ত হওয়ার আভাস

প্রকাশিত: ১৫:৪৭, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আরও শক্তিশালী হচ্ছে মক্কা জোট, সিরিয়া ও ইরানের যুক্ত হওয়ার আভাস

ছবি: তুর্কিয়ে টুডে

মক্কা প্রতিরক্ষা জোটে সিরিয়ার যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপ সম্মেলনে তিনি জানান, মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।

শাইবানি বলেন, ‘সিরিয়া আঞ্চলিক নিরাপত্তার একটি ‘অপরিহার্য অংশ’ এবং এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করে—এমন যেকোনো উদ্যোগকে সিরিয়া সমর্থন করবে। যৌথ প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা এই অঞ্চলে এখন আগের চেয়ে অনেক বেশি।’ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি।

২০২৪ সালের ডিসেম্বর বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন আহমেদ আল সারা। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার অন্যতম বড় সমর্থক সৌদি আরব। তারা সিরিয়াকে পুনর্গঠনে সব ধরনের সহায়তা দিচ্ছে। তবে মক্কা জোটের প্রধান দেশ সৌদি আরব বর্তমানে হুথিদের হামলার মুখে আছে। 

মক্কা জোটের নীতি অনুযায়ী, কোনো এক সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে গণ্য হওয়া। এমন পরিস্থিতিতে পাকিস্তান ও তুরস্ক সৌদিকে সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছে। সিরিয়া এই জোটে যুক্ত হলে এটি ইসরাইলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধেও একটি নিরাপত্তা বলয় হিসেবে কাজ করবে বলে মনে করছেন অনেকে।

এদিকে সিরিয়ার পাশাপাশি ইরানেরও মক্কা জোটে যোগ দেওয়ার গুঞ্জন আরও জোরালো হচ্ছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মক্কা জোটে ইরানের অন্তর্ভুক্তির বিষয়ে ইঙ্গিত দেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। 

মক্কা চুক্তিতে ইরান যোগ দিতে পারে কি না–এমন প্রশ্নের জবাবে জেনারেল শরিফ চৌধুরী বলেন, ‘যাদেরই সম্মিলিত প্রতিরোধ ও আঞ্চলিক শান্তির বিষয়ে একই মনোভাব রয়েছে, তাদের সবাইকে স্বাগতম।’ তবে চূড়ান্ত সিদ্ধান্ত তিনটি মূল দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করে বলে উল্লেখ করেন তিনি।

চলমান এই আলোচনার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। চলতি মাসেই তিনি দুবার তেহরান সফর করেছেন। তার সর্বশেষ সফরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী ও তুরস্কের গোয়েন্দা প্রধানও সঙ্গে ছিলেন। এরপর থেকেই মক্কা চুক্তিতে ইরানের যোগ দেয়া নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তবে ইরান এই চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে এখনও প্রকাশ্যে আগ্রহ প্রকাশ করেনি।

সূত্র: রয়টার্স, টিআরটি

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত