দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, ক্রেতাদের কেনাকাটার হিড়িক
বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণের বাজারেও। গত ২৪ ঘণ্টায় দুবাইয়ে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। এতে কম দামে স্বর্ণ কেনার সুযোগ নিতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। পাশাপাশি অগ্রিম বুকিং ও নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার বিশেষ প্রকল্পেও বাড়ছে আগ্রহ।
শুক্রবার (২০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ১৯ দিরহান কমে দাঁড়িয়েছে ৪৩২ দিরহান ৫০ ফিলসে। আগের দিন বৃহস্পতিবার এ দাম ছিল ৪৪৪ দিরহান ২৫ ফিলস। অর্থাৎ এক দিনে দাম কমেছে প্রায় ৪ শতাংশ।
একইভাবে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪১১ দিরহান ২৫ ফিলস থেকে কমে প্রায় ৪০০ দিরহানে নেমেছে। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ৩২৯ দিরহান ২৫ ফিলস এবং ১৪ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ২৫৬ দিরহান ৭৫ ফিলস।
বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের কারণেই দুবাইয়ের বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার টানা পঞ্চম দিনের মতো কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ শতাংশ, যা মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে। একই সঙ্গে দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
দাম কমতেই বিশেষ অফারে আগ্রহ
স্বর্ণের দাম কমার সুযোগ কাজে লাগাতে বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য অগ্রিম বুকিং ও নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার সুবিধা দিচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান বাজারদর ধরে রাখার সুযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে প্রকল্পের নিয়ম ও শর্ত আলাদা।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের জন্য দুটি ধরনের সুযোগ রেখেছে। প্রথমটির আওতায় মোট দামের ৫০ শতাংশ অগ্রিম জমা দিলে তিন মাসের জন্য স্বর্ণের দাম নির্ধারিত রাখা যায়। অন্যদিকে পুরো ১০০ শতাংশ অর্থ অগ্রিম পরিশোধ করলে ছয় মাস পর্যন্ত নির্ধারিত দামে স্বর্ণ কেনার সুযোগ পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ বলেন, যারা আগে থেকেই নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার বুকিং দিয়েছেন, বাজারে দাম বেড়ে গেলে তারা সুবিধা পাবেন। তবে বুকিংয়ের পর বাজারদর আরও কমে গেলে কেনার সময় প্রচলিত কম দামেও স্বর্ণ নেওয়ার সুযোগ থাকবে।
অন্যদিকে বাফলে জুয়েলার্সের প্রকল্পে তুলনামূলক নমনীয় ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ অগ্রিম জমা দিয়ে প্রকল্পের মেয়াদের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিরাগ ভোরা জানান, প্রকল্প অনুযায়ী অগ্রিম জমার পরিমাণ এবং স্বর্ণের দামের সুরক্ষার শর্ত ভিন্ন হতে পারে। বুকিংয়ের সময় নির্ধারিত দাম অপরিবর্তিত থাকবে কি না, বাজারদর কমলে সেই সুবিধা পাওয়া যাবে কি না এবং বুকিং বাতিলের নিয়ম কী—এসব বিষয় আগেই জেনে নেওয়া উচিত।
বিয়ের কেনাকাটায় বাড়ছে আগ্রহ
স্বর্ণের দাম কমতে শুরু করার পর মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বিভিন্ন শোরুমে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার প্রকল্পে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যান্য বিক্রেতা প্রতিষ্ঠানের কাছেও ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
তবে অনেক ক্রেতা এখনই স্বর্ণ না কিনে আরও দরপতনের অপেক্ষা করছেন। বিশেষ করে যাদের বিয়ের কেনাকাটার জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তারা অগ্রিম বুকিংয়ের সুবিধা নিচ্ছেন। কারণ বিয়ের কেনাকাটা অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
অন্যদিকে স্বর্ণের কয়েন ও বার কিনে বিনিয়োগ করতে আগ্রহীরা বাজারের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। ভবিষ্যতে দাম আরও কমতে পারে—এমন সম্ভাবনা বিবেচনায় তাদের অনেকে আপাতত কেনার সিদ্ধান্ত থেকে বিরত রয়েছেন।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে অর্থ জমা দেওয়ার আগে প্রতিষ্ঠানের শর্ত, মূল্য নির্ধারণের নিয়ম এবং বুকিং বাতিলের নীতিমালা ভালোভাবে যাচাই করা জরুরি।
সূত্র: গালফ নিউজ
বিভি/টিটি













মন্তব্য করুন: