• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের ঔদ্ধত্য, আইসিজের রায় প্রত্যাখ্যান

প্রকাশিত: ২১:৫০, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫০, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের ঔদ্ধত্য, আইসিজের রায় প্রত্যাখ্যান

ফাইল ছবি

রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির দাবি, এই রায় ‘ন্যায্য নয়’ এবং এতে মিয়ানমারকে অন্যায়ভাবে দায়ী করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নেপিদোতে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়। মিয়ানমারের বিরুদ্ধে আনা অভিযোগও অন্যায্য বলে দাবি করেন তিনি।

গাম্বিয়ার করা মামলার সাত বছর পর দেওয়া এই ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়গুলো উঠে এসেছে। বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়েছে, তথাকথিত ‘শুদ্ধি অভিযানের’ সময় মিয়ানমারের সেনাবাহিনী পুরুষ ও কিশোরদের হত্যা, নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শত শত গ্রাম ধ্বংস করেছে।

রায়ে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার মধ্যে হাজার হাজার মানুষ এ রায়ে উল্লাস প্রকাশ করেছেন। তবে নিজ দেশে তাদের প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। কারণ, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের ক্ষমতা সীমিত।

১৯১ পৃষ্ঠার এই রায়ে ২০১৭ সালে রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা হত্যাকাণ্ড নিয়ে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন এবং এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে দুই সাংবাদিককে ৫০০ দিনের বেশি কারাবন্দী রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

বিভি/টিটি

মন্তব্য করুন: