• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন

কেফায়েত শাকিল আনতালিয়া, তুরস্ক

প্রকাশিত: ১২:১৫, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১৫, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন

নির্ধারিত সময় পেরিয়েও শেষ হয়নি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধের কারণে শুক্রবার (২০ নভেম্বর) রাতেও চলে আলোচনা। এর মধ্যেই সম্মেলনের প্লেনারি অধিবেশনে প্রতিবাদ জানান জলবায়ুকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বক্তব্যের মাঝখানে থামতে হয় সম্মেলন সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুমকে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে সমাপনী অধিবেশনে বক্তব্য দিচ্ছিলেন মুরাত কুরুম। এ সময় এক প্রতিবাদকারী দাঁড়িয়ে গলায় লাল ফাঁসের প্রতীক ঝুলিয়ে চিৎকার করে বলেন, ‘আপনারা ভবিষ্যৎকে হত্যা করছেন!’ পরে নিরাপত্তাকর্মীরা তাকে অধিবেশনকক্ষ থেকে সরিয়ে নেন। একই সময়ে অধিবেশনকক্ষের বাইরে জলবায়ুকর্মীরা নীরব প্রতিবাদ করেন। তাঁদের হাতে ছিল ‘SHAME’ লেখা প্ল্যাকার্ড, মুখে টেপ লাগিয়ে তাতে লেখা ছিল ‘ACT’।

প্রতিবাদের মূল কারণ, সম্মেলনের দ্বিতীয় খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের কোনও উল্লেখ না থাকা। অথচ ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এ প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার করেছিল দেশগুলো। কপ৩১-এর খসড়ায় সেই অঙ্গীকারের পুনরুল্লেখ না থাকায় ক্ষুব্ধ জলবায়ুকর্মীরা একে সম্মেলনের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। 

এদিকে জীবাশ্ম জ্বালানি প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে পানামাসহ ১২টি দেশ। ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন ও সলোমন দ্বীপপুঞ্জসহ দেশগুলো চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের স্পষ্ট আহ্বান অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো হুঁশিয়ারি দিয়েছেন, জীবাশ্ম জ্বালানির বিষয়ে স্পষ্ট ভাষা না থাকলে তাদের পক্ষে ঐকমত্যে সম্মতি দেওয়া সম্ভব হবে না। 

শুধু জ্বালানি নয়, অর্থায়ন নিয়েও তৈরি হয়েছে অচলাবস্থা। আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিরা অভিযোগ করেছেন, জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশগুলো প্রয়োজনীয় অর্থ দিতে গড়িমসি করছে। ঘানার মন্ত্রী জানেতর আগিয়েমান-রাওলিংস বলেছেন, আফ্রিকা সাহায্য চাইতে আসেনি, নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছে।

এদিকে রাতের অধিবেশনে কিছু কারিগরি সিদ্ধান্ত অনুমোদিত হলেও মূল রাজনৈতিক সমঝোতা হয়নি। সম্মেলনের তৃতীয় খসড়া সিদ্ধান্ত শনিবার সকাল ৯টায় প্রকাশের কথা জানানো হয়েছে। ফলে জীবাশ্ম জ্বালানি, অভিযোজন অর্থায়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের প্রশ্নে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: