• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস, যুক্তরাষ্ট্রের ডানপন্থিদের গাত্রদাহ!

প্রকাশিত: ১২:৫৭, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৯, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস, যুক্তরাষ্ট্রের ডানপন্থিদের গাত্রদাহ!

বিশ্বে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার পূর্বাভাস দিয়ে পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক গবেষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডানপন্থিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গবেষণার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্য করছেন দেশটির কয়েকজন রাজনীতিক ও ডানপন্থি ভাষ্যকার।

পিউ রিসার্চ সেন্টারের ‘২০২০ থেকে ২০৭০: বিশ্বধর্মগুলোর ভবিষ্যৎ’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিমের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৬০ কোটিতে। বর্তমানে ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেশি হবে। তরুণ জনগোষ্ঠীর আধিক্য এবং উচ্চ জন্মহারের কারণে মুসলিম জনসংখ্যা বাড়বে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসবে পাকিস্তান।

উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা তিন গুণের বেশি বাড়তে পারে। এ ক্ষেত্রে অভিবাসনের বড় ভূমিকা থাকবে। যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এত বৃদ্ধির পরও দেশটির মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ হবেন মুসলিম। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১ থেকে ১ দশমিক ৬ শতাংশ মুসলিম।

গবেষণায় যুক্তরাষ্ট্রে মুসলিমদের অনুপাত তুলনামূলক কম থাকার বিষয়টি উল্লেখ করা হলেও দেশটির ডানপন্থি রাজনীতিক ও ভাষ্যকারেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন।

টেক্সাসের প্রতিনিধি পরিষদের সদস্য কিথ সেলফ অভিবাসনকে দায়ী করে দাবি করেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য ব্যর্থতা বয়ে এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আমাদের দেশ খ্রিষ্টীয় বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। আমরা যদি বিষয়টি নিয়ন্ত্রণে আনতে না পারি, তাহলে দেশ, স্বাধীনতা ও ঐতিহ্য হারাব।’

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও এ আলোচনায় যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আরও বেশি সন্তান নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া ডানপন্থি সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়েছে।

রক্ষণশীল অলাভজনক সংস্থা সেন্টার ফর রিনিউয়িং আমেরিকাও এক্সে দেওয়া পোস্টে ইসলামবিদ্বেষী অবস্থান তুলে ধরে বলেছে, ‘আমাদের দেশকে রক্ষার কাজটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। আর এর একটি অংশ হলো যুক্তরাষ্ট্রে ইসলামকে পরাজিত করা।’

যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী বক্তব্য নতুন নয়। দেশটিতে সাম্প্রতিক সময়ে এ ধরনের মনোভাব আরও বেড়েছে। এর সর্বশেষ উদাহরণ হিসেবে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। তাঁর গোঁফ নিয়ে কটূক্তি করার পাশাপাশি কেউ কেউ তাঁকে ইরাকের প্রয়াত স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন এবং সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছেন।

তবে মুসলিমবিদ্বেষী মনোভাব বাড়ার মধ্যেও চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ডসংখ্যক হিজাব পরিহিত নারী ও মুসলিম জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

পিউ রিসার্চের গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এই বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেবল মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। তবে দেশটিতে সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে তারাই অবস্থান ধরে রাখবে। সূত্র: মিডল ইস্ট আই

বিভি/এজেড

মন্তব্য করুন: