• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বদলে যাচ্ছে ট্রেভি ফাউন্টেনে কয়েন ছোড়ার পুরনো রেওয়াজ

প্রকাশিত: ১০:০৩, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৩৭, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বদলে যাচ্ছে ট্রেভি ফাউন্টেনে কয়েন ছোড়ার পুরনো রেওয়াজ

রোমের টার্মিনি রেলস্টেশনের কাছের রাস্তায় হাঁটতে হাঁটতে আমেরিকান পর্যটক জেফ ক্লিনটন যখন মাটিতে পড়ে থাকা এক সেন্টের একটি তামার মুদ্রা কুড়িয়ে পেলেন, তখনই তিনি ঠিক করে ফেলেছিলেন—মুদ্রাটির গন্তব্য কোথায় হবে। স্ত্রীকে নিয়ে প্রথমবার রোমে বেড়াতে আসা ক্লিনটন মুদ্রাটি হাতের তালুতে রেখে বললেন, "আমি এটা ট্রেভি ফাউন্টেনে ছুড়ে মারব।"

বারোক স্থাপত্যশৈলীর অনবদ্য এই ঝরনায় কাঁধের ওপর দিয়ে পেছন দিকে মুদ্রা ছুড়ে মারার প্রচলিত রীতিটি তার বেশ জানা। কথিত আছে, এতে নাকি আবারও রোমে ফিরে আসার সৌভাগ্য মেলে, কিংবা পূরণ হয় মনের কোনো গোপন স্বপ্ন। কিন্তু সেই মুহূর্তে ক্লিনটনের সামনে দাঁড়িয়ে ছিল এক অদৃশ্য দূরত্ব। ঝরনার নিচের অববাহিকার সিঁড়িগুলো এখন একটি নিচু ব্যারিকেড দিয়ে ঘেরা। দিনের বেলায় সেখানে কেবল রোমের বাসিন্দা অথবা ২ ইউরো প্রবেশমূল্য দেওয়া পর্যটকরাই যেতে পারেন।

ক্ষুধার্তদের খাবারের থালায় কি পড়ছে টিকিটের প্রভাব?

গত ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এই ২ ইউরোর প্রবেশ ফি-কেই এখন আংশিকভাবে দায়ী করা হচ্ছে মুদ্রা ছোড়ার চিরচেনা সেই আকর্ষণে ভাটা পড়ার পেছনে। ট্রেভি ফাউন্টেনের জমে থাকা মুদ্রা সংগ্রহ করে যে দাতব্য সংস্থা, সেই কারিতাস রোমা(Caritas Roma) সাধারণত বছরে ১৪ লাখ ইউরোর বেশি সংগ্রহ করে থাকে। কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত—গত বছরের একই সময়ের তুলনায় তাদের সংগ্রহে প্রায় ২ লাখ ইউরোর ঘাটতি দেখা দিয়েছে।

কারিতাস রোমার পরিচালক জুস্তিনো ট্রিনসিয়া ইতালীয় সংবাদমাধ্যম ইল মেসাঞ্জেরো-কে জানিয়েছেন, "ট্রেভি ফাউন্টেনে সরাসরি প্রবেশাধিকার বন্ধ করে দেওয়াটা একটি কারণ হতে পারে।" সংগ্রহ করা এই বিপুল পরিমাণ মুদ্রা দিয়ে সংস্থাটি ফুড ব্যাংক পরিচালনা ও নানা কল্যাণমূলক প্রকল্পের অর্থায়ন করে। জেফ ক্লিনটন নিজেও ভেবেছিলেন, ভেতরে থাকা কাউকে দিয়ে তার হয়ে মুদ্রাটি ঝরনায় ছুড়ে মারাবেন কি না। কিন্তু শেষ পর্যন্ত সেটি পকেটেই পুরে রাখলেন।

বদলে যাওয়া অভ্যাস ও নগদ টাকার সংকট

শুধু প্রবেশের বাধা নয়, বিশ্বজুড়ে মানুষের লেনদেনের অভ্যাসে আসা পরিবর্তনও কারিতাসের তহবিলে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। এখন অধিকাংশ মানুষই নগদ টাকার বদলে কন্ট্যাক্টলেস কার্ড বা স্মার্টফোন ওয়ালেটে ভরসা করেন।

নিউইয়র্ক থেকে আসা তরুণ যুগল এরিক ও প্যাটি জানালেন, তাদের কাছে ভাঙতি টাকা ছিল না। আর ঝরনার একদম কাছে যাওয়ার জন্য ২ ইউরো খরচ করার আগ্রহও তারা দেখাননি। ছবি তোলার ফাঁকে প্যাটি বললেন, "এটা এতটাই চমৎকার একটি স্থাপত্য যে আমরা এখান থেকেই দেখে খুশি।"

অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে আসা অ্যালান ও ইং টিকিট কেটে ভেতরে গিয়েছিলেন। তারা শুনেছিলেন যে এখানে মুদ্রা ছুড়ে মারার রেওয়াজ আছে, কিন্তু নিজেরা আর তা করেননি। ইংয়ের ভাষায়, "আমি সবসময় সাথে নগদ টাকা রাখি, কখন কী প্রয়োজন হয় কে জানে। কিন্তু কাউকে মুদ্রা ছুড়তে দেখিনি বলে আমরাও আর ছুঁড়িনি।"

তবে কারিতাস রোমার এক মুখপাত্র দ্য গার্ডিয়ান-কে জানিয়েছেন, কমে যাওয়া মুদ্রা সংগ্রহ নিয়ে তারা আর কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে চান না। তার মতে, এ বছরের হিসাবে এখনো বিদেশি মুদ্রার কয়েনগুলো যুক্ত করা হয়নি, তাই ক্ষতির পরিমাণ হয়তো ততটা প্রকট নয়।

কাউন্সিলের আয় বনাম দাতব্যের টানাপোড়েন

এই ঘটনায় রোম সিটি কাউন্সিলের সঙ্গে এক ধরনের টানাপোড়েনের আভাসও পাওয়া যাচ্ছে। চালু হওয়ার প্রথম মাসেই এই প্রবেশ ফি থেকে কাউন্সিলের আয় হয়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯৪ ইউরো। অতিরিক্ত ভিড় সামলানোর পাশাপাশি ট্রেভি ফাউন্টেন ও রোমের অন্যান্য ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণের তহবিল জোগাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে আর কোনো আয়ের হিসাব প্রকাশ করা না হলেও, ২০২৫ সালে ৪৪ লাখ পর্যটকের আগমনের হিসাব ধরে কাউন্সিল এই ফি থেকে বড় অঙ্কের নিয়মিত আয়ের আশা করেছিল।

ঝরনার প্রবেশপথে টিকিট ব্যবস্থা সামলানো ও ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মীদের একজন নিকোলাস রোমেরো। সাত-আট ঘণ্টার শিফটে কাজ করা রোমেরো জানালেন, প্রায়ই পর্যটকেরা তার কাছে মুদ্রা ছোড়ার জন্য ভাঙতি টাকা চান। "কিন্তু অনেকেই এই প্রচলিত রীতি সম্পর্কে আদৌ জানেন না," বলেন তিনি। "হয়তো এ কারণেও মুদ্রা ছোড়ার হার কমে থাকতে পারে।"

প্রাচীনকালে পানির দেবতার উদ্দেশ্যে উপহার দেওয়ার রীতি থেকে কয়েন ছোড়ার প্রচলন শুরু হয়েছে বলে ধারণা করা হয়। তবে ১৯৫৪ সালের রোমান্টিক চলচ্চিত্র ‘থ্রি কয়েনস ইন দ্য ফাউন্টেন’-এর পর এই প্রথা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত