মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ৩০
ছবি: বিবিসি
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু ও কয়েকজন শিক্ষার্থী রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এবং বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার এক সপ্তাহ পর এই হামলা হলো।
স্থানীয় কর্তৃপক্ষ ও এনইউজির যৌথ বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও বৌদ্ধ মঠের প্রাঙ্গণে হামলা চালানো হয়। সেখানে ধর্মীয় অনুষ্ঠান চলছিল।
বিবৃতিতে হামলায় চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি আর্টিলারি শেল ও সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। এনইউজির মুখপাত্র নাই ফোন লাত্ত এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিমান হামলা ও গোলাবর্ষণে নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী বাহিনীর নয়জন যোদ্ধা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় ওই এলাকায় কোনো সক্রিয় সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটিতে যাতায়াত করতেন।
সেনাবাহিনী সমর্থিত টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, বিদ্রোহী বাহিনীর সদস্যদের সমাবেশ ও একটি সমাবর্তন অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। মিয়ানমার সরকারের কাছ থেকেও মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
এনইউজির হিসাব অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।
এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হামলার নিন্দা জানিয়ে একে উসকানিবিহীন আক্রমণ, যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য হামলার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এ ছাড়া জাতিসংঘ, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোর প্রতি মিয়ানমারের সেনাবাহিনীর কাছে বিমান জ্বালানি, অস্ত্র ও ড্রোন প্রযুক্তির সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা।
২০২১ সালে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে হামলায় হতাহতদের সংখ্যা ও ঘটনার বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
সূত্র: রয়টার্স
বিভি/পিএইচ













মন্তব্য করুন: