• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো ম্যানহাটন বিচ

প্রকাশিত: ০১:২৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো ম্যানহাটন বিচ

ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সকালে ম্যানহাটন বিচ এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলের ৫।

ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেয়। অবকাঠামোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে নগরীর ১০৬টি এলাকার ফায়ার স্টেশন থেকে কর্মীদের মোতায়েন করা হয়। এক সতর্কবার্তায় বিভাগটি জানায়, এখন পর্যন্ত কোনো হতাহত বা ভবনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ম্যানহাটন বিচ নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মূল ভূমিকম্পের কয়েক মিনিট, কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পরও আফটারশক হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারা জানায়, আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ম্যানহাটন বিচ এলাকায় মূল ভূমিকম্পের পর আরও দুটি পরাঘাত হয়েছে। এ ছাড়া কাছের হারমোসা বিচ এলাকায় চারটি ভূমিকম্পের ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব কম্পন একই ভূমিকম্পগুচ্ছের (আর্থকোয়েক সোয়ার্ম) অংশ বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত কোনো নির্দিষ্ট ছোট এলাকায় অল্প সময়ের মধ্যে একাধিক ভূমিকম্প হলে তাকে ভূমিকম্পগুচ্ছ বা ‘আর্থকোয়েক সোয়ার্ম’ বলা হয়।

সূত্র: গার্ডিয়ান

বিভি/পিএইচ

মন্তব্য করুন: