রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা, নিহত ১০
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ ড্রোন হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, রাতভর ইউক্রেনের রেকর্ডসংখ্যক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।
শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির সামরিক বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা অঞ্চল ও বাশকোরতোস্তানে দুটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নভোশাখতিনস্ক তেল শোধনাগারে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। এ ছাড়া সামারা অঞ্চলের অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও মিশ্রণের গুরুত্বপূর্ণ কেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোরতোস্তানের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পাম্পিং স্টেশন এলপিডিএস নুরলিনোতেও হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।
অন্যদিকে, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, এ হামলার কারণে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হতে পারে। শনিবার সকালে বিমান হামলার সতর্কসংকেত চলার সময় কিয়েভে বিস্ফোরণ ও ড্রোন হামলার শব্দ শোনা যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ। এ ছাড়া কিয়েভে এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।
অন্যদিকে, রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নার্স ও একজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রুশ কর্তৃপক্ষের দাবি, আহতদের মধ্যে হাসপাতালের প্রধান চিকিৎসকও রয়েছেন।
জাপোরিঝঝিয়া ইউক্রেনের চারটি অঞ্চলের একটি, যেগুলোকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ শনিবার জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে ৭০০টির বেশি রুশ ড্রোন হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক সংশ্লিষ্ট স্থাপনা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাতভর ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে ভূপাতিত ড্রোনের অন্যতম সর্বোচ্চ সংখ্যা এটি। তবে ইউক্রেন কতটি ড্রোন উৎক্ষেপণ করেছে বা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, আট ঘণ্টায় রাজধানীর দিকে এগিয়ে আসা ইউক্রেনের ১২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন এগিয়ে এসেছিল। এর বেশির ভাগই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পাঁচ বছর পূর্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হামলার মাত্রা ও ধরন আরও বেড়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। বন্দি বিনিময় ছাড়া উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
সূত্র: রয়টার্স
বিভি/পিএইচ













মন্তব্য করুন: