• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ পড়লেন ৪১ জন 

প্রকাশিত: ১৮:৫৮, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ পড়লেন ৪১ জন 

৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে চূড়ান্ত ফলাফলে সুপারিশ পাওয়া ৪১ প্রার্থীর নাম গেজেটে স্থান পায়নি।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়োগ প্রজ্ঞাপন ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। তবে সুপারিশপ্রাপ্ত ৪১ জনের নাম গেজেটে না আসার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। এ বিষয়ে পরবর্তী কোনো নির্দেশনা না থাকলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে আগ্রহী নন বলে ধরে নেওয়া হবে। সে ক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার নিয়োগ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৪৫৭ জনকে সুপারিশ করা হয়েছিল।

কিন্তু প্রকাশিত গেজেটে ১ হাজার ৪১৬ জনের নাম থাকায় সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ থেকে বাদ পড়েছেন ৪১ জন।

বিভি/টিটি

মন্তব্য করুন: