• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিষেধ? যা বলছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত: ০০:৩৯, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জ্বর হলে গোসল করা কি নিষেধ? যা বলছেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত ছবি

জ্বর হলেই গোসল করা যাবে না—এমন ধারণা অনেকের মধ্যেই প্রচলিত। অনেকে মনে করেন, জ্বরের সময় গোসল করলে ঠান্ডা লেগে অসুস্থতা আরও বেড়ে যেতে পারে। এ কারণে জ্বর হলে গোসল এড়িয়ে চলেন অনেকে। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে জ্বরের সময় গোসল করা একেবারে নিষেধ নয়। বরং সঠিক নিয়ম মেনে গোসল করলে শরীরের অস্বস্তি কমতে পারে এবং রোগী কিছুটা স্বস্তি বোধ করতে পারেন।

জ্বরের কারণে শরীর দুর্বল লাগে, গা ম্যাজম্যাজ করে। আবার জ্বর কমার সময় অতিরিক্ত ঘাম হতে পারে। এ অবস্থায় গোসল না করলে শরীরে অস্বস্তি আরও বাড়ে। স্বাভাবিক বা কুসুম গরম পানিতে গোসল করলে শরীর পরিষ্কার থাকে এবং সাময়িকভাবে সতেজ অনুভূতি হয়।

গোসলের পানির তাপমাত্রা কেমন হবে?
জ্বরের সময় কারও কারও শীত লাগতে পারে বা শরীরে কাঁপুনি দেখা দিতে পারে। এ অবস্থায় ঠান্ডা পানিতে গোসল করলে অস্বস্তি আরও বাড়তে পারে। তাই খুব ঠান্ডা বা অতিরিক্ত গরম পানি ব্যবহার না করে স্বাভাবিক তাপমাত্রার কিংবা হালকা কুসুম গরম পানি ব্যবহার করা ভালো। পানির তাপমাত্রা এমন হতে হবে, যাতে গোসলের সময় রোগীর আরাম বোধ হয়।

গোসলের সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
জ্বর হলে শরীর দুর্বল হয়ে যেতে পারে। অনেকের মাথা ঘোরে বা দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। তাই গোসলের আগে হঠাৎ শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ানো ঠিক নয়। ধীরে ধীরে উঠে বসতে হবে এবং প্রয়োজন হলে পরিবারের কারও সাহায্য নিতে হবে।

গোসলের সময় তাড়াহুড়া করা উচিত নয়। শরীর বেশি দুর্বল লাগলে বা মাথা ঘুরলে গোসল না করে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নেওয়া যেতে পারে। গোসলের পর ভেজা শরীরে দীর্ঘক্ষণ থাকা ঠিক নয়। পরিষ্কার তোয়ালে দিয়ে শরীর ও মাথা ভালোভাবে মুছে শুকনো পোশাক পরতে হবে।

জ্বর হলে খাবার ও পানীয়
জ্বরের সময় শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করা জরুরি। ডাবের পানি, স্যুপ, দুধ এবং উপযুক্ত ফল খাওয়া যেতে পারে। একবারে বেশি পরিমাণে খেতে অসুবিধা হলে অল্প অল্প করে বারবার পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে।

তবে অতিরিক্ত চিনি বা লবণযুক্ত পানীয় এবং কোমল পানীয় এড়িয়ে চলা ভালো। প্যাকেটজাত জুসের পরিবর্তে তাজা ফল খাওয়া যেতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগ কিংবা কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের তরল খাবার ও পানীয় গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। বিশেষ করে কিডনি রোগীদের দৈনিক পানির পরিমাণ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে।

মনে রাখবেন, গোসল করলে জ্বরের মূল কারণ দূর হয় না। এটি কেবল সাময়িক স্বস্তি দিতে পারে। জ্বর বেশি হলে, দীর্ঘ সময় স্থায়ী হলে কিংবা শ্বাসকষ্ট, অস্বাভাবিক দুর্বলতা, অচেতনভাব বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: