• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি কবে আসবে, জানালো রোসাটম

প্রকাশিত: ১০:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি কবে আসবে, জানালো রোসাটম

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ শুরু হচ্ছে আগামী অক্টোবর থেকে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, কয়েকটি চালানে আকাশপথে এসব জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। আগামী ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রোসাটম।

বিবৃতিতে বলা হয়, রূপপুর প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি কয়েকটি ফ্লাইটে করে বাংলাদেশে পাঠানো হবে। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া এ সরবরাহ প্রক্রিয়া ডিসেম্বরের শেষ নাগাদ পুরোপুরি শেষ হবে।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায়। ওই সময় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রটির ‘গ্র্যাজুয়েশন’ সনদ হস্তান্তর করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে রোসাটমের প্রকৌশল শাখা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত