১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ
ছবি: বাসস
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ কর্মসূচির প্রথম দিন আজ রবিবার (২৯ নভেম্বর) বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। তবে তিনটি দল অংশ না নেওয়ার কথা জানানোয় শেষ পর্যন্ত ১৫টি দলের সঙ্গে মতবিনিময় হতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রবিবারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর; এই তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে কমিশন। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানোর কথা জানানো হয়েছিল।
তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে ইসির। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও এ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।
সূচি অনুযায়ী, ৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: